
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ঠেগরপুনি এলাকায় একটি খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঠেগরপুনি এলাকার শাক্যমুনি বৌদ্ধ বিহারের পেছনে অবস্থিত চাঁনখালী খালে মাছ ধরতে যান স্থানীয় জেলে অর্জন দাশ। এ সময় তিনি খালে থেকে জাল তুলতে গিয়ে পানির মধ্যে একটি মরদেহ ভাসতে দেখতে পান। কাছে গিয়ে তিনি দেখতে পান, এটি একজন পুরুষের অর্ধগলিত লাশ। বিষয়টি নিশ্চিত হয়ে স্হানীয় লোকজন তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় খাল থেকে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে পারে। তবে লাশের অবস্থা অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ঘটনাস্থলে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পটিয়া থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে মরদেহটির পরিচয় শনাক্তে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই মরদেহটির পরিচয় ও মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।





