
খুলনা ব্যুরো
খুলনা মহানগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে মো. রাশেদ কাজী (৩০) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত রাশেদ কাজী লবণচরা থানার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা ও আনিসুর কাজীর ছেলে। তিনি খুলনার একটি বেসরকারি প্রেসে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে রাশেদ নিজ বাড়িতেই ছিলেন। বেলা সোয়া ১১টার দিকে তার পরিচিত এক যুবক তাকে বাইরে ডেকে নেয়। কিছুক্ষণ পর খবর আসে, স্কুলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
নিহতের বড় ভাই কাজী রাইসুল বলেন, “রাশেদকে বাড়ি থেকে ডেকে নেওয়ার কিছুক্ষণ পরই আমরা খবর পাই তাকে কুপিয়ে ফেলে রাখা হয়েছে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) পিযুষ দাস জানান, “ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের পরিচিত ব্যক্তিরাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে দিনের বেলায় জনসমাগমপূর্ণ এলাকায় এ ধরনের হত্যাকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।





