
খুলনা ব্যুরো
খুলনার দৌলতপুরে শর্তহীনভাবে কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রপ্তানি বন্ধের কারণে কর্মহীন শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা। আন্দোলনের সমর্থনে বিপুল সংখ্যক নারীও রাজপথে নেমে অংশ নেন।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শ্রমিকরা খুলনা-যশোর মহাসড়কের রেলিগেট থেকে দৌলতপুর পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। এসময় সড়কে কাঠের গুঁড়ি ও বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী, চালক ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বিক্ষোভকারীরা জানান, গত বছরের ৮ সেপ্টেম্বর পাট ও বস্ত্র মন্ত্রণালয় কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর থেকে বিদেশে কাঁচা পাট রপ্তানি কার্যত বন্ধ রয়েছে। এর ফলে খুলনা ও নারায়ণগঞ্জ অঞ্চলের লক্ষাধিক জুট প্রেস ও বেলিং শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
শ্রমিক নেতারা অভিযোগ করেন, কাজ বন্ধ থাকায় তাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। দৌলতপুর এলাকা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাট রপ্তানিকারক জোন হওয়ায় এখানকার অধিকাংশ শ্রমিক সরাসরি এ খাতের ওপর নির্ভরশীল।
তারা আরও বলেন, সম্প্রতি ১৭ মে জারি হওয়া নতুন প্রজ্ঞাপনেও কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়টি স্পষ্ট হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। তাই বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন।
আন্দোলনকারীরা অবিলম্বে কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার, কর্মহীন শ্রমিকদের আর্থিক ক্ষতিপূরণ এবং পাটশিল্প সংশ্লিষ্ট শ্রমিকদের জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।





