
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতি ও সন্ত্রাসের ঘটনাকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে অপরাধী হিসেবেই দেখতে হবে।
সোমবার (১১ মে) দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে নিজ কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনী সরকারের আয়না। তাই জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও পেশাদার, দায়িত্বশীল ও জনবান্ধব হতে হবে। সরকার পুলিশ বাহিনীকে সত্যিকার অর্থে জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে চায় বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, “সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়া শুধু একটি স্লোগান নয়, এটি বাস্তবায়নের জন্য সরকারের আন্তরিক অঙ্গীকার।”
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
এ সময় তিনি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, কেউ যেন সাম্প্রদায়িক উসকানি বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ নজরদারি রাখতে হবে।





