শিবচরে টানা বৃষ্টিতে উৎপাদন বন্ধ ইট ভাটার

Date:

spot_img

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলায় টানা অতিবৃষ্টির কারণে স্থবির হয়ে পড়েছে ইটভাটার উৎপাদন কার্যক্রম। গত ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া বৃষ্টির প্রভাবে উপজেলার প্রায় ১৫টি ইটভাটায় কাঁচা ইট তৈরি ও শুকানোর কাজ প্রায় সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে একদিকে ভাটা মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে কাজ হারিয়ে বেকার সময় কাটাচ্ছেন শত শত শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে ভাটাগুলোতে কাঁচা ইট তৈরি করা সম্ভব হচ্ছে না। রোদ না থাকায় তৈরি করা ইটও শুকানো যাচ্ছে না। ফলে অনেক ভাটায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকরা।

উপজেলার কাদিরপুর এলাকার ভাটা মালিক মজিবুর রহমান খান জানান, প্রায় ৩০ বিঘা জমির ওপর দীর্ঘদিন ধরে তিনি ইট উৎপাদন করে আসছেন। সাধারণত পৌষ থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ইট তৈরির মৌসুম থাকে। এই সময়েই বছরের অধিকাংশ উৎপাদন সম্পন্ন করা হয়। কিন্তু চলতি মৌসুমে অস্বাভাবিক বৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, তার ভাটায় প্রায় ১৬০ জন শ্রমিক কাজ করেন, যাদের বেশিরভাগই উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত। গত প্রায় ১০ দিন ধরে তারা কার্যত কর্মহীন। প্রতিদিন বিকেলের দিকে বৃষ্টি হওয়ায় শুকানোর জন্য রাখা ইটগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখতে হচ্ছে। উৎপাদন কমে গেলে মালিক যেমন ক্ষতিগ্রস্ত হবেন, তেমনি শ্রমিকদের আয়ও বন্ধ হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ভাটা চালুর আগেই মাটি, কয়লা ও অন্যান্য উপকরণ মজুদ করতে হয় এবং অনেক সময় আগাম অর্ডারও নিতে হয়। কিন্তু উৎপাদন বন্ধ থাকায় সময়মতো সরবরাহ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভাটায় কর্মরত শ্রমিকরা জানান, তাদের অনেকেই দেশের বিভিন্ন জেলা থেকে কাজ করতে এসেছেন। দৈনিক আয়ের ওপর নির্ভরশীল হওয়ায় কাজ বন্ধ থাকায় পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। অনেকের বাড়িতে টাকা পাঠাতে হয়, আবার কারও রয়েছে কিস্তির চাপ। এখন তারা রোদের অপেক্ষায় দিন পার করছেন।

একাধিক ভাটা মালিক জানান, বৃষ্টির এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। উৎপাদন ব্যাহত হওয়ায় পূর্বের অর্ডার সময়মতো সরবরাহ করা কঠিন হয়ে পড়ছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...