
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও স্বস্তিদায়ক করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ লক্ষ্যে মহাসড়ক ও রেললাইনের অতি সন্নিকটে কোনো ধরনের পশুর হাট বসতে দেওয়া হবে না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিবেশনে ডিসিদের উদ্দেশে এ নির্দেশনা দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে সড়কের ওপর কিংবা মহাসড়কের পাশে পশুর হাট বসানোর কারণে ব্যাপক যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে সমন্বয়ের মাধ্যমে নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য বলা হয়েছে, যাতে কোনোভাবেই সড়ক ও রেলপথে চলাচলে বিঘ্ন না ঘটে।
পশুর হাটে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে বড় বড় হাটে পুলিশের বিশেষ নজরদারি থাকবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, জালিয়াতি ও অপরাধ দমনে প্রয়োজনে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। পাশাপাশি জাল নোট শনাক্তে প্রয়োজনীয় মেশিন সরবরাহ করা হবে এবং ব্যাংকগুলোকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া যত্রতত্র পশুর হাট বসানো ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কোরবানির পশুর চামড়া সংরক্ষণ নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গ্রাম ও উপজেলা পর্যায়ে সাত দিন পর্যন্ত লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করতে হবে এবং এই সময়ের মধ্যে কোনো চামড়া ঢাকায় আনা যাবে না। এতে রাজধানীর ইটিপি ব্যবস্থার ওপর চাপ কমবে এবং চামড়া নষ্ট হওয়ার ঝুঁকিও হ্রাস পাবে। এ উদ্দেশ্যে প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে বলেও জানান তিনি।
ঈদযাত্রায় সড়ক ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তরে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হবে বলে জানান মন্ত্রী। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। একই সঙ্গে যাত্রীদের চলাচলকারী ফেরিঘাটগুলোতে নৌ-দুর্ঘটনা এড়াতে জেলা প্রশাসন ও নৌ-পরিবহন বিভাগকে সচেতনতামূলক প্রচার ও মাইকিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
সর্বোপরি, ঘরমুখী মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে মাঠ প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।





