
কিশোরগঞ্জ প্রতিনিধি
ইউনিসেফের অর্থায়ন এবং সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় কিশোরগঞ্জে ছয় মাসব্যাপী পরিচালিত একটি গবেষণা চক্র সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আজ শহরের পপি পার্টি সেন্টারে “তরুণ গবেষকদের গবেষণা ফলাফল উপস্থাপন ও শেয়ারিং ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়।
এই গবেষণা কার্যক্রমে ১৬ জন তরুণী গবেষক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী গবেষকদের মধ্যে ছিলেন—সাইমা তাজরীন ভূঞা, সাদিয়া খান মিল্কি, মারিয়া হোসেন আঁচল, কামরুন আরা বর্ষা, হাসি, সুরাইয়া মনি, মোছা: আমেনা, কানিজ তন্নীমা আক্তার তনু, ফাইজা জামান, মানসুরা, মিমি, স্নিগ্ধা, জান্নাতুল মীম, নিলুফা আক্তার এবং সানজিদা ইসলাম রিজেন্সী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, অধ্যক্ষ, কিশোরগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান মজুমদার, প্রিন্সিপাল, টিটিসি, মিঠামইন এবং কৃষিবিদ মোহাম্মদ শহিদুল্লাহ, সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর।
ওয়ার্কশপে তরুণ গবেষকরা তাদের গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেন এবং স্থানীয় বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন। উপস্থাপনার পর অংশগ্রহণকারীরা বিভিন্ন বাস্তবায়নযোগ্য সুপারিশ প্রদান করেন এবং ভবিষ্যতে কার্যকর উদ্যোগ গ্রহণে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে গবেষণা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন মোঃ শরীফুল আলম ভূইয়া, কো-অর্ডিনেটর (এমইএএল)। তিনি তার বক্তব্যে তিনদিনব্যাপী মৌলিক গবেষণা প্রশিক্ষণ, ডাটা অ্যানালাইসিস ও রিপোর্ট রাইটিং কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন এবং বলেন, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে তরুণদের নেতৃত্বে গবেষণাভিত্তিক কার্যকর উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারিত হবে।
প্রধান অতিথি তার বক্তব্যে তরুণ গবেষকদের কাজের প্রশংসা করে বলেন, এ ধরনের গবেষণা ফলাফল নীতি নির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান এবং নারীদের দক্ষতা উন্নয়নে তার নিজ প্রতিষ্ঠানে ড্রাইভিং প্রশিক্ষণের সুযোগ প্রদানের ঘোষণা দেন। পাশাপাশি তরুণদের যেকোনো ইতিবাচক উদ্যোগে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী তরুণ গবেষকদের মাঝে সনদপত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।





