
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় বেপরোয়া গতির বাস চাপায় ইউনুস সেরনিয়াবাত (৬০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত আটটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ ইউনুস সেরনিয়াবাত আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এবং গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক মো. হাফিজুর রহমানের ছোট মামা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে রাস্তা পারাপারের সময় বরিশালগামী ‘ফেম পরিবহনের’ একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন দেওয়া এবং চালককে মারধরের চেষ্টা করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. জহির সাজ্জাদ হান্নান শরীফ। তিনি উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়া ঘাতক বাসটিতে থাকা ৬১ জন চক্ষু রোগীকে নিরাপত্তার স্বার্থে হান্নান শরীফের অনুরোধে নিকটস্থ আশোকাঠী পেট্রোল পাম্পে নিরাপদ আশ্রয়ে রাখা হয়। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য বিকল্প ব্যবস্থায় বরিশালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে গৌরনদী হাইওয়ে থানার এসআই শরীফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বরিশালগামী ফেম পরিবহনের একটি বাস বৃদ্ধকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





