
তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে নিহত এবং বাবা গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম সোহেল খান (৩২)। আহত বাবা আব্দুল আজিজ খান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার উত্তর কড়াইবাড়িয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে রান্নাঘর নির্মাণের জন্য একটি গাছ কাটছিলেন সোহেল খান। গাছটি বিদ্যুৎ লাইনের খুব কাছাকাছি হওয়ায় এবং সংযোগ বন্ধ না করেই কাটার সময় সেটি বিদ্যুৎ লাইনের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন সোহেল।
এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে তার বাবা আব্দুল আজিজ খানও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সোহেল খানের মৃত্যু হয়।
আহত আব্দুল আজিজ খান বর্তমানে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে তালতলী থানার ওসি (তদন্ত) শরীফুল ইসলাম জানান, “ঘটনার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”





