
ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় পরিচালিত এক বিশেষ অভিযানে দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ আঃ কাদের (৩৬), পিতা: মৃত মোসলেম, মাতা: রেনু বেগম এবং মোঃ সবুজ (৩৬), পিতা: মৃত আঃ রব, মাতা: মৃত জয়নব বেগম। তারা উভয়েই উপজেলার সাংপক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে উভয়কে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৪২০ টাকা নগদ উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত আলামতসহ তাদের গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ছিল। সাম্প্রতিক এই অভিযানের ফলে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





