
এম রোমানিয়া, খুলনা ব্যুরো
গুজব ও অপতথ্য প্রতিরোধ করে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে সরকার। এ লক্ষ্যে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
তথ্য অধিদফতর ঢাকার উদ্যোগে এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহযোগিতায় আজ শনিবার খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে সরকারের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) ইয়াকুব আলী। তিনি বলেন, সরকার গঠনের মাত্র দুই মাস অতিবাহিত হয়েছে এবং ইতোমধ্যে জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফ্যামিলি কার্ড পাইলট প্রকল্প চালু, কৃষি ঋণ মওকুফের মাধ্যমে ১২ লাখ কৃষকের উপকার, কৃষক কার্ড বিতরণ, ধর্মীয় ব্যক্তিদের সম্মানি ও ভাতা প্রদান, খাল খনন কর্মসূচি এবং ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনা তার উল্লেখযোগ্য উদাহরণ।
তিনি আরও জানান, হজ ব্যবস্থাপনায় ব্যয় কমানো হয়েছে এবং হামের প্রাদুর্ভাব মোকাবেলায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার বেশিরভাগই নারী।
প্রধান অতিথি বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে সরকারের ব্যয় সংকোচন নীতি গ্রহণ করতে হচ্ছে। এ পরিস্থিতিতে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। তাই গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) মোছা. মোবাস্বেরা কাদেরী বলেন, সরকারি সেবাগুলো যেন প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছে যায়, সে জন্য সাংবাদিকদের জনসম্পৃক্ততা বাড়াতে হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তিনি জানান, অপতথ্য প্রতিরোধে তথ্য অধিদফতর ফ্যাক্ট-চেকিং কার্যক্রম শুরু করেছে এবং এ কাজে গণমাধ্যমের সহায়তা প্রয়োজন।
গুজব প্রতিরোধ, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং নিউমিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন উপপ্রধান তথ্য অফিসার (নিউমিডিয়া) নাসরীন জাহান লিপি।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন ও অর্থ) হাছিনা আক্তার।
এতে আরও বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
সভায় তথ্য অধিদফতর, আঞ্চলিক ও জেলা তথ্য অফিসের কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।





