‎বোরহানউদ্দিনে অলিগলিতে ভুয়া ডেন্টিস্টদের দৌরাত্ম্য, ঝুঁকিতে জনস্বাস্থ্য

Date:

spot_img


তুহিন ফরাজী, ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা একাধিক ডেন্টাল কেয়ার সেন্টারে চলছে হাতুড়ে চিকিৎসা। এতে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানের অধিকাংশই কোনো ধরনের বৈধ ডিগ্রি বা সরকারি নিবন্ধন ছাড়াই দাঁতের চিকিৎসার নামে সেবা দিয়ে যাচ্ছে। ফলে রোগীরা একদিকে যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, অন্যদিকে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছেন।

‎সরেজমিনে দেখা গেছে, উপজেলার কুঞ্জেরহাট বাজার এলাকায় সবচেয়ে বেশি ডেন্টাল কেয়ার গড়ে উঠেছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকা, মনিরাম, বোরহানগঞ্জ, রানীগঞ্জ, মজমবাজার ও দরুনেরহাটসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে এসব প্রতিষ্ঠান। সাইনবোর্ডে ‘ডেন্টিস্ট’, ‘ডাক্তার’ কিংবা ‘ডিপ্লোমা টেকনোলজিস্ট’ লেখা থাকলেও বাস্তবে অনেকেরই নেই প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বা সরকারি অনুমোদন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, কুঞ্জেরহাট বাজারের তজুমদ্দিন রোড এলাকায় নাইম ডেন্টাল, শিকদার ডেন্টাল, লাবনী ডেন্টাল, আফরা ডেন্টাল ও মুনতাহা ডেন্টালসহ একাধিক প্রতিষ্ঠান চালু রয়েছে। পাশাপাশি মনিরাম বাজারে রিহান ডেন্টাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওহী ডেন্টাল ও মুক্তি ডেন্টাল নামেও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠানে বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক রয়েছেন বলে জানা গেছে; বাকি প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে অনভিজ্ঞ বা স্বল্প প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের মাধ্যমে।

‎শিকদার ডেন্টালের মালিক জসিম উদ্দিন দাবি করেন, তিনি সরকারি বাংলা কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি কোর্স করেছেন এবং ঢাকায় একজন ডেন্টিস্টের সঙ্গে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। তার ভাষ্য, চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে রয়েছে।

‎তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, বছরের পর বছর ধরে এসব ভুয়া ডেন্টিস্টরা চিকিৎসার নামে প্রতারণা চালিয়ে যাচ্ছে। ভুল চিকিৎসার কারণে অনেকের দাঁত নষ্ট হয়ে যাচ্ছে, সংক্রমণ ছড়িয়ে পড়ছে এবং জটিলতা তৈরি হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের নজরের সামনেই এসব কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

‎স্থানীয়দের মতে, নিয়মিত অভিযান না থাকায় অবৈধ এসব ডেন্টাল কেয়ার বেপরোয়া হয়ে উঠেছে। কেউ কেউ মনে করছেন, অজ্ঞাত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে গড়িমসি করছে।

‎এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য অধিদপ্তরের তালিকার বাইরে থাকা অবৈধ ডেন্টাল কেয়ারগুলোর বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। অভিযানে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

‎সচেতন মহলের মতে, জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত সময়ের মধ্যে এসব অবৈধ ডেন্টাল কেয়ার বন্ধ করে দায়ীদের আইনের আওতায় আনা জরুরি। অন্যথায় সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়বে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...