
মোতাছিম বিল্লাহ সবুজ, সাতক্ষীরা
সাতক্ষীরার কলারোয়ায় বিষধর সাপের কামড়ে বিথি খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার কাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিথি খাতুন ওই গ্রামের আব্দুল্লাহর কন্যা ও পার্শ্ববর্তী চান্দুড়িয়া কেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী।
স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রতিবেশীরা জানান, সকাল ৭টার দিকে গোয়ালঘরে কাঠ গোছাতে গেলে বিথি খাতুনকে সাপে কামড় দেয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক স্থানীয় ওঝার মাধ্যমে চিকিৎসা দেয়ার চেষ্টা করে। কিন্তু অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কর্তব্যরত ডাক্তারের সাথে কথা হলে তিনি বলেন, সাপে কামড় দিলে কোনরকম কালক্ষেপণ না করে সাপে কাটা রোগীকে দ্রুত স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে আসবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে প্রতিশোধক দিলে সুস্থ হবে বলেও তিনি জানান।
এদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে বীথি খাতুনের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





