
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:ল
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুরমার হাওরে বাঁধ কাটার কাজ করতে গিয়ে মাটিচাপায় আরমান মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান মিয়া উপজেলার শালীয়ানী গ্রামের বাসিন্দা চাঁনপর মিয়ার একমাত্র ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে হাওরাঞ্চলের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। এতে মধ্যনগরের বিভিন্ন ফসলি জমিতে পানি আটকে পড়ে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের জন্য গত শুক্রবার রাতে স্থানীয় কৃষকরা গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধের একটি অংশ কেটে দেন।
বাঁধ কেটে দেওয়ার পর পানি প্রবাহ শুরু হলেও কিছু সময়ের মধ্যে কাটা অংশের পাড় ধসে পড়ে। ফলে পানির প্রবাহ আবারও বাধাগ্রস্ত হয়। পরে পানি চলাচল স্বাভাবিক করতে রোববার সকালে কয়েকজন কৃষক ধসে পড়া মাটি সরানোর কাজে নামেন।
দুপুরের দিকে কাজ প্রায় শেষ পর্যায়ে থাকাকালে হঠাৎ আবারও বাঁধের পাড় ধসে পড়ে। এ সময় উপস্থিত অন্যরা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পারলেও আরমান মিয়া মাটির নিচে চাপা পড়ে যান। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা দীর্ঘ প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন।
গুরুতর অবস্থায় দ্রুত তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে বাঁধ কাটার বিষয়ে প্রশাসনের কোনো অনুমোদন ছিল না। স্থানীয়রা প্রশাসনকে না জানিয়ে নিজেরাই বাঁধ কেটেছেন।”
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে নিহতের পরিবারের কান্নায় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।





