
রিয়াদ ইসলাম, রংপুর প্রতিনিধি
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গণঅধিকার পরিষদ রংপুর মহানগর শাখায় নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মহানগর শাখার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. আল এমরান সুজনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কেন্দ্রীয় সভাপতি নূরুল হক নূর এবং সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশক্রমে এ দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনের তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার, সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিকে গতিশীল করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাকে স্বাগত জানাতে শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রংপুর মহানগর গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহানগর, জেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তব্যে ভারপ্রাপ্ত আহ্বায়ক আল এমরান সুজন বলেন, কেন্দ্রীয় কমিটি তার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন এবং মহানগরের প্রতিটি ওয়ার্ড ও থানা পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার অঙ্গীকার করেন।
সদস্য সচিব ইয়াসিন আলী বলেন, মহানগরে সংগঠনের ভিত্তি মজবুত করতে ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে এবং নতুন নেতৃত্ব সেই কার্যক্রমকে আরও গতিশীল করবে।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব আনোয়ার চৌধুরী বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি নতুন নেতৃত্বের অধীনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ যুব অধিকার পরিষদ রংপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি কাদের আনসারী (শিমুল) বলেন, যুব সমাজকে সংগঠিত করে দলের আদর্শ ছড়িয়ে দিতে হবে এবং মাঠপর্যায়ে সক্রিয়তা বাড়াতে হবে।
যুব সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান জানান, যুবকদের সম্পৃক্ত করে সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সভাপতি রাকিবুল ইসলাম বাপ্পি বলেন, ছাত্রসমাজ সব সময় পরিবর্তনের অগ্রভাগে থাকে এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষার পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
মহানগর ছাত্র সংগঠনের সদস্য সচিব ইমরান কবির বলেন, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম চালুর মাধ্যমে ছাত্র সংগঠনকে আরও সক্রিয় করা হবে।
শ্রমিক অধিকার পরিষদ মহানগরের আহ্বায়ক মইনুল ইসলাম বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগঠন কাজ করে যাচ্ছে এবং শক্তিশালী নেতৃত্ব এ আন্দোলনকে বেগবান করবে।
সাবেক সাধারণ সম্পাদক নয়ন মিয়া শ্রমিক সংগঠনের ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তাজহাট থানা আহ্বায়ক আজগর আলী বলেন, থানা পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে কার্যক্রম চলমান রয়েছে এবং নতুন নেতৃত্ব এ ক্ষেত্রে দিকনির্দেশনা দেবে।
আলোচনা সভা শেষে নেতাকর্মীরা নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, আল এমরান সুজনের নেতৃত্বে রংপুর মহানগর গণঅধিকার পরিষদ একটি শক্তিশালী ও কার্যকর রাজনৈতিক শক্তিতে পরিণত হবে।





