
তুহিন ফরাজী, ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ মোঃ জাহিদ হোসেন (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গ্রেফতারকৃত জাহিদ হোসেন উপজেলার দেউলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চেয়ারম্যান বাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম সেলিম হোসেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তিনি গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেখানেই মাদকের তথ্য পাওয়া যাচ্ছে, সেখানেই দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত জাহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশ্বস্ত করেন।
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা নিয়মিত অভিযান জোরদার রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।





