
আলমুতাছিম বিল্লাহ সবুজ, সাতক্ষীরা
সাতক্ষীরা জেলায় ডিজেলের ঘাটতি না থাকলেও তীব্র সংকট দেখা দিয়েছে পেট্রোল ও অকটেনের। বিশেষ করে বাইক চালকরা পড়েছেন বিপাকে। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পরও অনেকে চাহিদামতো তেল পাচ্ছেন না। আবার অনেক চালক নির্দিষ্ট সময়ের মধ্যে পাম্পে পৌঁছানোর আগেই তেল শেষ হয়ে যাওয়ায় তাকে বাইক নিয়ে ফিরে যেতে হচ্ছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সাতক্ষীরার কলারোয়ায় সোনিয়া ফিলিং স্টেশনে দেখা যায় বাইক চালকদের দীর্ঘ লাইন। যশোর-সাতক্ষীরা সড়কের পাশে অবস্থিত সোনিয়া পেট্রোলিয়ামের রাস্তার ধারে প্রায় এক কিলোমিটারের অধিক জায়গা জুড়ে দীর্ঘ লাইনে রয়েছেন বাইক চালকেরা। ভয়াবাহ এ চিত্র শুধু এখানে নয় সাতক্ষীরা শহরের সংগ্রাম, আলিপুর, লস্করসহ একাধিক ফিলিং স্টেশনে এমন চিত্র নিত্যদিনের।কলারোয়ায় চারটি পাম্পের অবস্থাও বিপদজনক।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ শাহিনে তত্ত্বাবধানে পাম্পগুলোতে পুলিশের উপস্থিতিতে তেল সরবরাহ করা হচ্ছে। তারপরেও কাঙ্খিত পরিমাণ পেট্রোল না পাওয়ায় অনেকের মনে ক্ষোভ লক্ষ্য করা গেছে। পুলিশের পক্ষে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা দেখা দিচ্ছে পামগুলোতে। যে পাম্পে তেল দেওয়া শুরু হয়, সেখানেই এমন ছবি চোখে পড়ে। তেল নিতে এসে দীর্ঘ লাইন দাঁড়িয়ে থেকে অনেকে আবার বাক -বিতন্ডায় জড়াচ্ছেন। আবার কেউ কেউ মারামারিতে লিপ্ত হচ্ছেন। গতকাল রোববার রাতে ঝড় বৃষ্টির মধ্যে পুরাতন সাতক্ষীরায় ইউরেকা ফিলিং স্টেশনে তেল নিতে আসা কয়েকজন বাইক চালক মারামারিতে লিপ্ত হয়। এতে দুইজন আহত হন। পাম্পে পেট্রোল নিতে আসা কয়েকজনের সাথে কথা হলে তারা খোবের এর সাথে বলেন গতকাল মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে বলেছেন দেশে জ্বালানি তেলের কোন সংকট নাই, তারপরেও আমরা কেন পেট্রল – অকটেন কিংবা পাচ্ছিনা।
এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য তারা সরকারের যথাযথ কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রত্যাশা করেন।





