
শাহরিয়ার তন্ময়, মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া ও গোপালনগর গ্রাম থেকে চারজন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতদের মধ্যে রয়েছে জাঙ্গালিয়া গ্রামের নায়েব মোল্লার ছেলে চান মোল্লা, কথিত মাদক সম্রাট জিয়া, একই গ্রামের আদর মিয়ার ছেলে রমজান এবং গোপালনগরের আশিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর থেকেই তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে তদবির চলছে—এমন অভিযোগ উঠেছে এলাকায়।
বিষয়টি ঘিরে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এলাকাবাসীর দাবি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিশ্চিত করতে হলে এসব তদবির বন্ধ করে দোষীদের আইনের আওতায় রেখে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি (তদন্ত) জানান, তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়েছে। তিনি আরও বলেন, প্রাপ্ত প্রমাণ ও আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয় বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা যায়।





