
ধামরাই প্রতিনিধি, মোঃ মশিউরজ্জামান মুবিন :
জ্বালানি সংকটের প্রভাব আবারও পড়েছে সাধারণ মানুষের জীবনে। আজ সকালে ধামরাই উপজেলার মেঘনা তেল পাম্পে দেখা যায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলের সারি, কিন্তু পর্যাপ্ত তেল না থাকায় অনেককেই ফিরে যেতে হয়েছে খালি হাতে।
সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চালকরা তেল নিতে মেঘনা পাম্পে এসে জড়ো হন। কিন্তু পাম্প কর্তৃপক্ষ জানায়, সরবরাহ কম থাকায় সবাইকে তেল দেওয়া সম্ভব নয়। ফলে লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।
একজন মোটরসাইকেল চালক বলেন, “দুই ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু শেষে জানানো হলো তেল শেষ। এতে আমাদের কাজকর্মে মারাত্মক সমস্যা হচ্ছে।”

ধামরাইয়ে মেঘনাপাম্প এলাকায় লম্বা সারিতে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল গুলোতে দেখা যায় চরম ভোগান্তি। কেউ রোদে দাঁড়িয়ে, কেউ আবার গাড়ি বন্ধ করে অপেক্ষা করছেন ঘণ্টার পর ঘণ্টা। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়মিত সরবরাহ না থাকায় প্রতিদিনই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
স্থানীয়রা মনে করছেন, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে এ ভোগান্তি আরও বাড়বে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।





