
ফারিয়াজ ফাহিম, জামালপুর :
জামালপুর শহরে পেট্রোল মজুদ রেখে গ্রাহকদের কাছে বিক্রি না করার অভিযোগে মেসার্স জুই এন্টারপ্রাইজ–কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পিটিআই মোড়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন।
জানা যায়, সকাল থেকেই তেলের সন্ধানে অসংখ্য মোটরসাইকেল চালক জুই এন্টারপ্রাইজের সামনে ভিড় করেন। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পেট্রোল না থাকার কথা জানানো হলে চালকদের মধ্যে ক্ষোভ ও হট্টগোলের সৃষ্টি হয়। পরে বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর নির্দেশে ঘটনাস্থলে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ।
সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের ১২টি ড্রামে প্রায় ২,৫০০ লিটার পেট্রোল মজুদ রয়েছে। অথচ তা গ্রাহকদের কাছে বিক্রি করা হচ্ছিল না। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মাঝে তেল বিক্রি শুরু করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ জানান, “এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে।”





