
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম খোকন সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়ামে ত্রিশাল সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ত্রিশাল এলাকার বিভিন্ন পেশাজীবী, শিক্ষাবিদ, সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মতিউর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাংবাদিক নজরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন ত্রিশাল সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন খান, ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের সাবেক অধ্যক্ষ আজাহারুল ইসলাম, সার্চ কমিটির সভাপতি সাংবাদিক মোখলেছুর রহমান সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে দ্বিতীয় পর্বে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে অধ্যাপক ডা. মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম খোকন দায়িত্ব পান।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করা, ত্রিশালের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং সামাজিক ও মানবিক উদ্যোগকে আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন। তারা সমিতির সকল সদস্যের সহযোগিতা কামনা করেন এবং ত্রিশালের উন্নয়ন ও ঐক্যকে শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।





