আর্ন্তজাতিকমার্কিন হামলার অপেক্ষায় থাকবে না ইরান, আগাম পদক্ষেপের হুঁশিয়ারি তেহরানের

মার্কিন হামলার অপেক্ষায় থাকবে না ইরান, আগাম পদক্ষেপের হুঁশিয়ারি তেহরানের

কূটনীতি, অবরোধ ও সামরিক আগ্রাসন—তিন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ইরান | পারমাণবিক স্থাপনা পরিদর্শনে আইএইএকে না

যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জন্য অপেক্ষা করবে না ইরান। ওয়াশিংটন সামরিক পদক্ষেপ নিলে তেহরানও পাল্টা জবাব দিতে প্রস্তুত। এমনকি যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা দেখা দিলে আত্মরক্ষার স্বার্থে আগাম পদক্ষেপ নেওয়ার অধিকারও রয়েছে বলে জানিয়েছে দেশটি। ইরানের এমন অবস্থানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিন ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে তেহরান। এগুলো হলো কূটনৈতিক আলোচনা, অর্থনৈতিক অবরোধ এবং সামরিক আগ্রাসন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কূটনৈতিক আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র নতুন সামরিক অভিযানের প্রস্তুতির জন্য সময় নিতে পারে। তাই ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে সতর্ক রয়েছে ইরান।

ঘারিবাবাদি বলেন, ‘ইরান কিউবা নয় যে অবরোধ দিয়ে আটকে রাখা যাবে, আবার ভেনেজুয়েলাও নয় যে আত্মসমর্পণে বাধ্য করা যাবে।’ তার দাবি, আকাশপথে কিংবা স্থলপথে অবরোধ আরোপ করেও যুক্তরাষ্ট্র ইরানের লক্ষ্য অর্জনে সফল হয়নি। একই সঙ্গে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলেও জানান তিনি।

বর্তমান পরিস্থিতিকে শুধু যুদ্ধ কিংবা শান্তি—কোনোটির মধ্যেই সীমাবদ্ধ করা যাচ্ছে না বলে মন্তব্য করেন ইরানের এই উপপররাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, আইনগতভাবে ইরান এখনো যুদ্ধাবস্থায় রয়েছে। ফলে সম্ভাব্য যেকোনো সামরিক পরিস্থিতি মোকাবিলায় তেহরান প্রস্তুতি অব্যাহত রেখেছে।

এদিকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ঘারিবাবাদি। তিনি জানিয়েছেন, ইরানের নির্ধারিত শর্ত পূরণ এবং যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না। তার আশঙ্কা, পরিদর্শনের নামে যুক্তরাষ্ট্রের হামলায় ব্যবহৃত অস্ত্রের কার্যকারিতা যাচাইয়ের চেষ্টা হতে পারে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে কয়েকটি শর্তও তুলে ধরেছে তেহরান। এর মধ্যে রয়েছে সব রণাঙ্গনে যুদ্ধের স্থায়ী অবসান, মার্কিন অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার, তেল খাতসহ বিভিন্ন খাতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ নিয়ে সমাধান। পাশাপাশি আগের সমঝোতার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মোতায়েন করা নতুন সামরিক সরঞ্জাম ও সেনাদের বিষয়েও পদক্ষেপ চায় ইরান।

তেহরানের এই কঠোর অবস্থান স্পষ্ট করে দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ খোলা রাখলেও সম্ভাব্য সামরিক সংঘাতের প্রস্তুতি থেকে সরে আসছে না ইরান। ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই বিভাগের আরো খবর

ধামরাইয়ে হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে হাসি-কান্না, স্মৃতিচারণ আর আবেগঘন...

লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ ...

‎খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান : জরিমানা ৮৩ হাজার টাকা

‎ ‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার ‎বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ...

শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন, সভাপতি মাসুদুল আলম দোহা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন...