
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৮ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় শনিবার ভোরে আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়।
অভিযানকালে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়ির মোট সিজার মূল্য ৩৮ লাখ ৮৭ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দ করা শাড়ি বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে।





