
এম.আর.জে শান্ত: পাহাড়ের নৈসর্গিক পরিবেশ, লাল শাড়িতে এক নারী, হাতে ত্রিশূল। সাজে দেবী দুর্গার অনুষঙ্গ থাকলেও আলোকচিত্রী মো. নাজমুল হোসেনের ক্যামেরায় নাজিয়া হক অর্ষার এই উপস্থিতি নিছক উৎসবের সাজে সীমাবদ্ধ নয়। বান্দরবানের পাহাড়ে ধারণ করা বিশেষ ফটোশুটে দেবী দুর্গার প্রতীকী রূপের মধ্য দিয়ে নারীর শক্তি, প্রতিবাদ ও সংগ্রামের গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
ছবিগুলোতে অর্ষার সাজে রয়েছে বাঙালি হিন্দু নারীর ঐতিহ্যবাহী শাঁখা-পলা, মাথায় টোপর এবং হাতে ত্রিশূল। তবে পুরো আয়োজনের বৈশিষ্ট্য কেবল এসব অনুষঙ্গে নয়, পাহাড়ি জনপদের সঙ্গে তার মেলবন্ধনেও। কোথাও প্রতিমার মুখ হাতে দাঁড়িয়ে আছেন অর্ষা, কোথাও পিঠে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী থ্রুং। আবার স্থানীয় মানুষের সঙ্গে তার স্বতঃস্ফূর্ত মুহূর্তও জায়গা পেয়েছে ক্যামেরায়। সব মিলিয়ে পরিচিত দুর্গারূপকে ভিন্ন এক প্রেক্ষাপটে উপস্থাপন করেছে এই ফটোশুট।
‘পাহাড়ের নারী শক্তি ও দুর্গা’ নামের আয়োজনটি করেছে ‘মিস্টার মোমেন্টওয়ালা’ পেজ। এর আলোকচিত্রী মো. নাজমুল হোসেন, পৃষ্ঠপোষকতায় রয়েছে সাতকাহন। দুর্গাপূজা সামনে রেখে প্রতিবছরই ব্যতিক্রমী ফটোশুটের আয়োজন করেন নাজমুল। এবারের পরিকল্পনায় তিনি গুরুত্ব দিয়েছেন পাহাড়ের প্রকৃতি, স্থানীয় জনগোষ্ঠীর জীবনধারা এবং দেবী দুর্গার শক্তির প্রতীকী তাৎপর্যকে।
ফটোশুটের ছবিগুলো প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছেন অর্ষা। তার এই রূপ মুগ্ধ করেছে শোবিজের পরিচিত মুখদেরও। অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘দারুণ’। নির্মাতা চয়নিকা চৌধুরীর মন্তব্য, ‘ভীষণ সুন্দর’। অভিনেত্রী সুষমা সরকার লিখেছেন, ‘মা দুর্গা’, আর অভিনেত্রী শাহনাজ খুশি প্রতিক্রিয়া জানিয়েছেন ‘বিউটিফুল’ লিখে।
দুর্গাপূজার সময় দেবী দুর্গাকে ঘিরে নানা আয়োজনের মধ্যে আলোকচিত্রও হয়ে ওঠে উৎসবের ভাবনা প্রকাশের একটি মাধ্যম। অর্ষাকে নিয়ে এবারের উদ্যোগে সেই চেনা উৎসবের আবহের সঙ্গে যুক্ত হয়েছে পাহাড়ি জনপদের বৈচিত্র্য। দেবীর প্রতীকী শক্তিকে সামনে রেখে নারীর সাহস ও আত্মপ্রত্যয়ের যে ছবি নির্মাতারা তুলে ধরতে চেয়েছেন, সেখানেই এই ফটোশুটের আলাদা দিক।




