
তিতাস প্রতিনিধি
কুমিল্লা তিতাস বলরামপুর ইউনিয়নের ৬টি দুর্গাপূজা মণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা ও বিঘ্ন ঘটানো ছাড়াই যাতে শারদীয় দুর্গোৎসব অত্যন্ত আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রামানন্দ গোস্বামী আশ্রমে বলরামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সংশ্লিষ্ট ৬টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সরাসরি উপস্থিত থেকে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
প্রতিটি মণ্ডপে গঠন করা হবে বিশেষ তদারকি কমিটি।
সভায় বিএনপি নেতৃবৃন্দ আশ্বাস প্রকাশ করে বলেন, অসাম্প্রদায়িক চেতনা বজায় রেখে পূজা উদযাপন নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতার জন্য বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে একটি করে বিশেষ অভিভাবক ও তদারকি কমিটি গঠন করা হবে। এই কমিটিগুলো পূজার শুরু থেকে শেষ পর্যন্ত মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে সমন্বয় বাড়াতে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বলরামপুর ইউনিয়ন বিএনপির ‘সুপার টেন’-এর ৮ জন শীর্ষ দায়িত্বশীল নেতা। এছাড়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিএনপির এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবার বলরামপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।





