
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন কোনাবাড়ী এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে দখল করে রাখা ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে কোনাবাড়ীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনের সড়কের উভয় পাশে অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে তোলা বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়। পাশাপাশি ফুটপাত দখল করে রাখা দোকানপাট উচ্ছেদ করে জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এবং কোনাবাড়ী অঞ্চল-৭-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাইমসহ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তা।
এ ছাড়া উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজিব এবং মিয়া মো. ফরহাদ হোসেন।
ফুটপাত দখলমুক্ত করার এ উদ্যোগে পথচারীদের চলাচল আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।





