
বাগেরহাট প্রতিনিধি
পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর উৎপাদন ও ব্যবহার বাড়ানো, উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধি এবং কারখানায় পরিবেশগত ও সামাজিক ব্যবস্থাপনার মান উন্নয়নের লক্ষ্যে বাগেরহাটের তিনটি ব্লক ও পার্কিং টাইলস কারখানা পরিদর্শন করেছে বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বাগেরহাটের মোল্লাহাট, ফকিরহাট ও কাজদিয়া-রূপসা এলাকার তিনটি কারখানা সরেজমিনে পরিদর্শন করেন প্রতিনিধিদলের সদস্যরা। কোডেকের SMART প্রকল্পের আওতায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
বিশ্বব্যাংকের প্রতিনিধিদলে ছিলেন টাস্ক টিম লিডার কেইসুকে ইয়াদোমি, সিনিয়র এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট এস এম জুলকারনাইন, সোশ্যাল ডেভেলপমেন্ট কনসালট্যান্ট মো. শরিফুল ইসলাম এবং এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট শার্লিন হোসেন। এ সময় কোডেকের প্রোগ্রাম অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক কাজী ওয়াফিক আলম, পিকেএসএফের ফোকাল পারসন শেখ রেজোয়ান হাসানসহ কোডেকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম, পানি ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন প্রতিনিধিরা। এ সময় বিশ্বব্যাংকের সিনিয়র এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট এস এম জুলকারনাইন কাঁচা ও শোধিত পানির গুণগত মান যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পানির লবণাক্ততা, পিএইচ, আয়রন, ম্যাঙ্গানিজ ও টিডিএসসহ বিভিন্ন উপাদান নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দেন।
কারখানাগুলোতে নিজস্ব উদ্যোগে পানিশোধন ব্যবস্থা স্থাপন করায় উদ্যোক্তাদের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে কারখানার সামনের অংশে নিজেদের উৎপাদিত পার্কিং টাইলস ব্যবহার করে মেঝে নির্মাণের পরামর্শ দেন। এতে কারখানার সৌন্দর্য বাড়ার পাশাপাশি উৎপাদিত পণ্যের প্রদর্শন আরও আকর্ষণীয় ও কার্যকর হবে বলে মন্তব্য করেন তিনি।
এ ছাড়া পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থাকে আরও টেকসই করতে কারখানাগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং বৃষ্টির পানি সংরক্ষণের জন্য রেইনওয়াটার হার্ভেস্টিং ব্যবস্থা চালুর পরামর্শ দেন বিশ্বব্যাংকের এই প্রতিনিধি।
সংশ্লিষ্টরা জানান, কোডেকের SMART প্রকল্পের আওতায় এ ধরনের পরিদর্শনের মাধ্যমে নির্মাণসামগ্রী উৎপাদনকারী উদ্যোক্তাদের পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি কারখানাগুলোতে পরিবেশগত ও সামাজিক ব্যবস্থাপনার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।





