
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দাস।
সভায় নাচোল উপজেলার মোট ১৭টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন, নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দুলাল, উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ আকরাম, নাচোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুরুল হুদা, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. এয়াকুব আলী এবং নাচোল পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমির রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।
পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে দুর্গাপূজা চলাকালে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রাখার আহ্বান জানান।
সভায় পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকরা নিজ নিজ মণ্ডপের প্রস্তুতি ও সম্ভাব্য সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনাকে সামনে রেখে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান বজায় রেখে দুর্গাপূজা উদযাপন করতে হবে। নাচোলে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে এবারের পূজাও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।





