
নড়াইল প্রতিনিধি
নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় নড়াগাতী থানার ওসি হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (৫ অক্টোবর) রাত ১১ টার দিকে আরাফাতের বাড়ির পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরাফাত দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে। তার নামে নড়াগাতী থানায় মাদক, চুরি ও ডাকাতিসহ দশটি মামলা রয়েছে।
নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনদের দাবি, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আরাফাতকে হত্যা করেছে। মাদকের বিষয়টি তারা এড়িয়ে যাওয়া চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা প্রচার করছেন, পূর্বের বিরোধের জেরে আরাফাত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী জানান, মাদক বেচাকেনার দ্বন্দ্বে প্রতিপক্ষ একই গ্রামের কবির হোসেনসহ ৪-৫ মিলে আরাফাত মোল্যাকে হত্যা করেছে। বিষয়টি আরও তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য আরাফাতের মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





