
ঝালকাঠি ব্যুরো
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ঝালকাঠি শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।
শনিবার (৩ অক্টোবর) ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে তিনি শহরের বিভিন্ন বাজারের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের নিজ নিজ প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে ময়লা-আবর্জনা যথাস্থানে ফেলা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সতর্ক করেন। এডিস মশার বংশবিস্তার রোধে প্রতিটি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ঝুড়ি বা ডাস্টবিন রাখার নির্দেশনা দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী পরিচালিত এ অভিযানে ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।





