
জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ হকি দল। গিফুতে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো গোলবন্যায় ভাসিয়ে ৫-১ ব্যবধানে জয় পেয়েছে রোমান সরকারের দল। শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে শ্রীলঙ্কার ওপর আধিপত্য বিস্তার করে বাংলাদেশ।
কয়েক মাস আগে এএইচএফ কাপ টুর্নামেন্টে শ্রীলঙ্কার কাছে হারের স্মৃতি থাকায় এ ম্যাচ ঘিরে কিছুটা শঙ্কা ছিল। তবে মাঠে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে শুরু থেকেই দাপট দেখায় জিমিরা। প্রথম কোয়ার্টারেই আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে নেয় দলটি।
পরের দুই কোয়ার্টারেও আক্রমণের ধার ধরে রাখে বাংলাদেশ। দলের হয়ে জোড়া গোল করেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম। একটি গোল করেন মাহবুব হোসেন। পুরো ম্যাচে ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার আদায় করে শ্রীলঙ্কার রক্ষণভাগকে চাপে রাখে বাংলাদেশ।
শ্রীলঙ্কার হয়ে কুশল একটি গোল শোধ করলেও তাতে ম্যাচের চিত্র বদলায়নি। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এ জয়ের মধ্য দিয়ে এবারের এশিয়ান গেমসে হকিতে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশের পুরুষ দল।





