
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে আনুমানিক ৫০০ ঘনফুট বালু ও দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতভর অভিযান শেষে রোববার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার হামিদনগর, চলিতাতলা, দয়ালপুর ও দাড়িপুর এলাকায় এসব বালু ও ট্রাক্টর জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে অভিযান শুরু করা হয়। দীর্ঘ সময় ধরে অভিযান পরিচালনার পর বিভিন্ন স্থানে মজুদ করা বালু ও বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ রক্ষায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে বালু উত্তোলন বা মজুদ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলন বা মজুদের তথ্য প্রশাসনকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।





