
চুয়াডাঙ্গা প্রতিনিধি
১২ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে। নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদের একটি নির্বাচনী ইশতেহার ছিল। সেই ইশতেহারে এদেশের সাধারণ জনগণ ব্যাপকভাবে সমর্থন করেছে। শুধু যে যারা আমাদের ভোট দিয়ে নির্বাচনের জয়ী করেছে তাদের প্রতি নয় সারা দেশের জনগণের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা আছে। দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি ও কৃষক কার্ড কর্মসূচির মতো আরও বৃহৎ প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
গতকাল রবিবার দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা জেলার সকল দপ্তরপ্রধানের সাথে পরিচিত ও মতবিনিময় সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
সভায় চুয়াডাঙ্গা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন আরো বলেন, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি অনেক প্রাচীন। প্রাচীন সোমপুর বিহার ও ময়নামতির যেসকল শিলালিপি গুলো আছে সেগুলো দেখলেই এর প্রাচীনতম ইতিহাস বোঝা যায়। আজ থেকে প্রায় হাজার হাজার বছর পূর্বে নারীরা প্রথম কৃষিকাজ শুরু করে। তাই নারীদেরকে অবহেলা নয় তাদের জাগরণে কাজ করছে সরকার। এদেশে সারা বিশ্ব থেকে বহু কালজয়ী ব্যক্তিত্বরা ভ্রমণ এসেছেন। তারা বলেছেন এদেশে আসার রাস্তা আছে যাওয়ার রাস্তা নেই। অত্যন্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশের অপার লীলাভূমি বাংলাদেশ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন-৫-এর সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার রুহুল কবির খান, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ, সিভিল সার্জন ডা হাদি জিয়া উদ্দিন আহমেদ, ৫৮- বিজিবির অধিনায়ক লে. কর্ণেল রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা বিদ্যুৎ কুমার বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা চুয়াডাঙ্গা জেলায় সিজিএম কোর্টের বিল্ডিং নেই, হাসপাতালে চিকিৎসক সংকট, অডিটোরিয়ামসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন। দ্রুত সমাধানের আশ্বাস দেন।





