দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুডা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ আরাফাত (২২) নামে এক ভ্যান চালককে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। অভিযানকালে ৪-৫ জন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আরাফাত দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের মোঃ আনারুলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দশনায় শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে রাত পৌনে ৮টায় এসআই (নিঃ) মশিউর রহমান গোপন সংবাদে জানতে পারেন, লোকনাথপুর-দর্শনা সড়কের পরানপুর অস্থায়ী পুলিশ চেকপোস্টের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে পৌঁছায় পুলিশ।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভ্যানচালক আরাফাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে তার সঙ্গে থাকা ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়।পরবর্তীতে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে আরাফাতের ব্যাটারিচালিত পাখি ভ্যানের চালকের সীটের নিচের টুলবক্স তল্লাশি করা হয়। সেখান থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি পলিথিনের বস্তার ভেতর খাকি কস্টেপ ও সাদা পলিথিনে মোড়ানো ৭টি পোটলায় মোট ৭ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও ভ্যানটি জব্দ তালিকা মূলে থানায় নেওয়া হয়েছে। গ্রেফতারকৃত আসামী ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।





