
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল ফিন্যন্স ও ব্যাংকিং এবং লোকপ্রশাসন বিভাগের রোমাঞ্চকর লড়াইয়ের মাধ্যমে। টুর্নামেন্টজুড়ে গোল, অ্যাসিস্ট, রক্ষণ ও গোলপোস্টের নিচে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনটি ক্যাটাগরিতে সেরা খেলোয়াড় বেছে নিয়ে পুরস্কৃত করা হয়েছে।
এবারের টুর্নামেন্টে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসনিমুর রহমান তানিম। ‘ম্যান অব দ্য ফাইনাল’ ও ‘সেরা গোলদাতা’ হয়েছেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. আমির হয়েছেন এবং সেরা ‘গোলরক্ষক’ হয়েছেন একই বিভাগেরই শিক্ষার্থী মাজহারুল ইসলাম।
ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ পুরস্কার পাওয়া তাসনিমুর রহামন তানিম বলেন, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি দলের জন্য। আমাদের দল ভালো খেলেছে কিন্তু ভাগ্য সহায় হয়নি। আমি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে পেরে আনন্দিত এবং এই পুরস্কার আমার দলের সকলের প্রতি উৎসর্গ করছি।’
টুর্নামেন্টের ‘সেরা গোলদাতা’ ও ‘ম্যান অব দ্য ফাইনাল’ মো. আমির বলেন, ‘দীর্ঘ এক মাস ধরে আমরা সকাল ৬টা থেকে অনুশীলন করেছি এবং আমরা টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছি, আলহামদুলিল্লাহ। আমি সেরা গোলদাতা হওয়ার পেছনে আমার পুরো টিমের অবদান রয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ এই নিয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের এই গৌরব সামনেও ধরে রাখার চেষ্টা করবো।’
টুর্নামেন্টের সেরা গোলরক্ষক মাজহারুল ইসলাম বলেন, ‘প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া। আমরা টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হতে পেরেছি এবং গতবছরের সেরা গোলরক্ষকের পুরস্কারও আমি ধরে রাখতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া।’
উল্লেখ্য, ফাইনাল ম্যাচে ২-১ গোলে লোকপ্রশাসন বিভাগকে হারিয়ে টানা তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ।





