অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র দর্শনার মেয়ে এলিজা

Date:

spot_img

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনার মেয়ে এলিজা আজাদ রহমান টুম্পা অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর কাউন্সিলের সাধারণ সভায় কাউন্সিলরদের ভোটে তিনি এ দায়িত্ব পান। অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী হিসেবে ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে তিনি চুয়াডাঙ্গার জন্যও নতুন এক গৌরবের অধ্যায় তৈরি করেছেন।

এলিজা চুয়াডাঙ্গা জেলার দর্শনার স্থায়ী বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদের জ্যেষ্ঠ কন্যা। আজাদুল ইসলাম আজাদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক এবং দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

দুই দশকের বেশি সময় আগে শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় যান এলিজা। পরে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং অস্ট্রেলিয়ান লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হন। ২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন।

মাত্র দুই বছরের মাথায় স্থানীয় সরকারের আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে উঠে এলেন দর্শনার এই মেয়ে। মঙ্গলবারের কাউন্সিল সভায় সহকর্মী কাউন্সিলরদের সরাসরি ভোটে তিনি ডেপুটি মেয়র নির্বাচিত হন। একই সভায় ভিন্স ফেরেরি মেয়র নির্বাচিত হয়েছেন।

ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার পর এলিজা আজাদ রহমান বলেন, দলীয় সমর্থনের পাশাপাশি কাউন্সিলরদের ভোটে এ দায়িত্ব পাওয়ায় স্থানীয় নাগরিকদের প্রতি তাঁর দায়বদ্ধতা এবং কাজের পরিধি আরও বেড়েছে। রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে নারীদের আরও বেশি এগিয়ে আসার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এলিজার এই সাফল্যের খবরে চুয়াডাঙ্গা, বিশেষ করে দর্শনায় আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তাঁর নির্বাচন ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। স্থানীয়দের কাছে তাঁর সাফল্য শুধু একটি পরিবারের অর্জন নয়, বাংলাদেশের একটি সীমান্ত জেলার মেয়ে বিদেশের মূলধারার রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করার উজ্জ্বল দৃষ্টান্ত।

ক্যামডেন কাউন্সিল সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার প্রতিষ্ঠান। ৮ সেপ্টেম্বরের কাউন্সিল সভার সরকারি কার্যসূচিতে মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। এলিজা এর আগে একই কাউন্সিলের নর্থ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ...

দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে দুর্নীতিবাজদের...

কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরা হলেন যারা

কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল...

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র দর্শনার মেয়ে এলিজা

চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গার দর্শনার মেয়ে এলিজা আজাদ রহমান টুম্পা অস্ট্রেলিয়ার...