
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধীনস্থ রসুলপুর ও আমড়া বিওপির সদস্যরা পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ১ হাজার ৬৪০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ এবং ৩২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়।
আটক করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫০ হাজার ৮০০ টাকা।
২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি সাংবাদিকদের জানান, ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে ধারাবাহিকভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হবে। এ সময় মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট আসামিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





