কর্মজীবী ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতে দ্রুত উদ্যোগ চান নারী অধিকারকর্মীরা

Date:

spot_img

খুলনা থেকে রাজিবুল ইসলাম রাজিব

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে খুলনা নগরীতে পৃথক নারী বাস সার্ভিস চালুর দাবি উঠেছে। বিশেষ করে কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ রুটগুলোতে দ্রুত এ সেবা চালুর দাবি জানিয়েছেন নারী অধিকারকর্মী ও নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা।
দেশে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন—বিআরটিসি। সরকারি তথ্য অনুযায়ী, এ সার্ভিসে নারী চালক, নারী কন্ডাক্টর ও নারী হেলপার রাখার পরিকল্পনা রয়েছে।

খুলনা সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরামের সাধারণ সম্পাদক সুতপা বেদজ্ঞ বলেন, খুলনায় গণপরিবহন বলতে বর্তমানে ইজিবাইক, মাহিন্দ্রা ও সিএনজির ওপরই নারীদের অনেকটা নির্ভর করতে হয়। এসব যানবাহনে জায়গা সীমিত হওয়ায় অনেক সময় নারীদের পুরুষ যাত্রীর গা ঘেঁষে বসতে হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের অশোভন মন্তব্য ও হয়রানিরও শিকার হতে হয় নারীদের।
তিনি বলেন, এসব পরিস্থিতি এড়াতে সামর্থ্য না থাকলেও অনেক নারী রিকশায় চলাচল করেন। আবার অল্প দূরত্বের পথেও পুরুষের সংস্পর্শ এড়িয়ে নিরাপদে যাওয়ার চেষ্টা করেন। একজন নারী হিসেবে তিনিও গণপরিবহনে চলাচলের সময় এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে জানান।

সুতপা বেদজ্ঞ বলেন, “২০২৬ সালে এসে নারীরা কোথায় যাবে, কী কাজ করবে—এসব বিষয়ে বাধা দেওয়ার সুযোগ নেই। নারীরা এখন সমাজের প্রতিটি ক্ষেত্রেই কাজ করছেন। তাই তাদের নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করাও রাষ্ট্রের দায়িত্ব।”

তিনি বলেন, নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ। খুলনায়ও দ্রুত এ সেবা চালু করা প্রয়োজন। শুধু নারী যাত্রী নয়, বাসের চালক, হেলপার ও কন্ডাক্টর হিসেবেও নারীদের দায়িত্ব দেওয়া হলে এটি আরও কার্যকর ও দৃষ্টান্তমূলক উদ্যোগ হবে।

তার মতে, নারীদের নিরাপদ যাতায়াতের পাশাপাশি সমাজে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন প্রয়োজন। এখনো অনেকেই নারীদের স্কুটি বা মোটরসাইকেল চালানোকে স্বাভাবিকভাবে দেখেন না। স্কুল পর্যায় থেকেই মেয়েদের আত্মবিশ্বাসী, সাহসী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

সুতপা বেদজ্ঞ বলেন, দেশের বিভিন্ন শহরে নারী বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পাঞ্চল ও দেশের গুরুত্বপূর্ণ নগরী হিসেবে খুলনাকেও এ উদ্যোগের আওতায় আনা উচিত। এজন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে দ্রুত যোগাযোগ করে পরবর্তী পর্যায়ে খুলনার জন্য বাস বরাদ্দের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এদিকে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি মাহবুবুর রহমান মুন্না বলেন, ঢাকাসহ বিভিন্ন শহরে নারী বাস সার্ভিস চালুর উদ্যোগকে তারা স্বাগত জানান। খুলনা শহরেও নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে দ্রুত এ সেবা চালুর দাবি জানান তিনি।

তিনি বলেন, কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ রুটগুলোতে নারী বাস সার্ভিস চালু করা প্রয়োজন। একই সঙ্গে সাধারণ নগরবাসীর চলাচলের সুবিধার্থে খুলনায় কার্যকর গণপরিবহন ব্যবস্থাও চালু করা জরুরি।

বিআরটিসি খুলনা বাস ডিপোর ম্যানেজার মো. কামরুজ্জামান বলেন, খুলনায় মহিলা বাস সার্ভিস চালুর বিষয়ে এখনো কোনো নির্দেশনা তাদের কাছে আসেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া গেলে খুলনাতেও বাস সার্ভিস চালু করা হবে।

সরকারি তথ্য অনুযায়ী, নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে বিশেষায়িত মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনার ক্ষেত্রে এখন মূল প্রত্যাশা—জাতীয় এই উদ্যোগের পরবর্তী ধাপে দ্রুত নগরবাসী নারীদের জন্যও নিরাপদ ও পৃথক বাস সার্ভিস চালু করা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...