
ঝালকাঠি ব্যুরো
শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয়
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ঝালকাঠিতে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবর, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবীর, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আলী হাসান, যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাহউদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়ামিন সিদ্দিকী, শহীদ সেলিমের স্ত্রী সুমি বেগম এবং আহত জুলাই যোদ্ধা মো. আবু মুসা।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের চেতনা সমুন্নত রেখে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করতে হবে। একই সঙ্গে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং তাঁদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সভায় বক্তারা ঝালকাঠির ১০ জন জুলাই শহীদের কবর সরকারি অর্থায়নে স্থায়ীভাবে সংরক্ষণ ও পাকা করার দাবি জানান। পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং তাঁদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।





