
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী চলমান বিশেষ অভিযানে ১২শ বোতল অ্যালকোহলযুক্ত হোমিওপ্যাথিক পটেন্সি মেডিসিনসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় জেলার সব ইউনিটে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর থানার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই নওশাদ মাহফুজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১ টার সময় সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি মো. সুলতানের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে আলমডাঙ্গা উপজেলার কুঠিপাইকপাড়া গ্রামের মো. ফেলু মন্ডল (৪০)-কে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ মিলিলিটার ধারণক্ষমতার ১২শ বোতল অ্যালকোহলযুক্ত HOMOEOPATHIC POTENCY MEDICINE জব্দ করা হয়। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও কয়েকজন সহযোগী দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় জব্দকৃত আলামত জব্দতালিকাভুক্ত করে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক), ৩৮, ৪০ ও ৪২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৫, তারিখ ৫ আগস্ট ২০২৬।
পুলিশ জানায়, আটক আসামিকে আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





