
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ বড়গ্রাম ও সুন্দরা বিওপির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪২ হাজার ৭০০ টাকা।
২৯ বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম ও সুন্দরা বিওপি পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ১৩০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
আটককৃত চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ১ লাখ ৪২ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিজিবির অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে। মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে কাজ করে যাবে।”





