
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাকুর বাজার-মানিকগঞ্জ সড়কের ক্ষতিগ্রস্ত অংশে কার্পেটিংয়ের পরিবর্তে ইউনিব্লক বসিয়ে টেকসইভাবে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়। বর্তমানে বর্ষা মৌসুম চলমান থাকায় কার্পেটিংয়ের কাজ বাস্তবায়নে সময়ের প্রয়োজন হবে। পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ক্ষয়ক্ষতির ঝুঁকি আরও বেড়ে যেতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে জনদুর্ভোগ কমাতে এবং দ্রুত চলাচল স্বাভাবিক রাখতে ক্ষতিগ্রস্ত অংশে ইউনিব্লকের মাধ্যমে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ লক্ষ্যে এলজিইডির নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিলেট অঞ্চল) এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিলেট বিভাগ) গুরুত্বপূর্ণ আলোচনা শেষে ক্ষতিগ্রস্ত অংশে ইউনিব্লকের মাধ্যমে সংস্কার কাজ বাস্তবায়নের সিদ্ধান্ত নেন।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ এবং কাজের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী আমজাদ হোসেন সরেজমিনে সড়কটি পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত অংশের প্রয়োজনীয় মাপজোক গ্রহণ করেন এবং সংস্কার কাজের কারিগরি বিষয় ও করণীয় নির্ধারণ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কের সংস্কার কাজটি পূর্বে দায়িত্বপ্রাপ্ত একই ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আরিফ এন্টারপ্রাইজ এর মাধ্যমেই সম্পন্ন করা হবে। সংশ্লিষ্টরা জানান, সড়কের ক্ষতিগ্রস্ত অংশে কার্পেটিংয়ের পরিবর্তে ইউনিব্লক ব্যবহার করলে রাস্তার স্থায়িত্ব বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে জনসাধারণ নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের সুবিধা পাবেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শিগগিরই সংস্কার কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে।





