
নিজস্ব প্রতিবেদক
বন্যা, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় এলাকাকে আরও সুরক্ষিত করতে টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে অভ্যন্তরীণ পানি দ্রুত নিষ্কাশনের জন্য স্লুইস গেট ব্যবস্থাপনা আরও কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৮ জুলাই) দুপুরে কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য যেসব খালের মুখ বন্ধ রয়েছে, সেখানে পর্যায়ক্রমে স্লুইস গেট নির্মাণ করা হচ্ছে। এতে প্রয়োজন অনুযায়ী দ্রুত পানি বের করে দেওয়া সম্ভব হবে। কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় এ ধরনের ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, লবণাক্ততা, প্রাকৃতিক দুর্যোগ এবং সময়ের প্রভাবে অনেক সময় বেড়িবাঁধ ও স্লুইস গেট ক্ষতিগ্রস্ত হয়। এসব অবকাঠামোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট বিভাগ নিয়মিতভাবে পালন করে আসছে।
সালাহউদ্দিন আহমদ জানান, স্লুইস গেট ব্যবস্থাপনায় সরকার নতুন নির্দেশনা দিয়েছে। এখন থেকে পানি উন্নয়ন বোর্ডের পরিবর্তে স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, এর ফলে স্থানীয় পর্যায়ে প্রয়োজনের সময় দ্রুত স্লুইস গেট খুলে পানি নিষ্কাশন করা এবং প্রয়োজনে গেট বন্ধ রেখে লবণাক্ত পানি প্রবেশ রোধ করা সহজ হবে। এতে স্থানীয় জনগণের দুর্ভোগ কমবে এবং স্লুইস গেট পরিচালনা আরও কার্যকর হবে।
এর আগে শনিবার সকাল সাড়ে ১১টায় পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে ১০০টি ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দুই দিনের সফরে শুক্রবার কক্সবাজারে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরের প্রথম দিনে তিনি চকরিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।





