
গ্রামীণ জনপদের সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পল্লী উন্নয়নকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
সোমবার (৬ জুলাই) আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস এবং সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার পল্লী উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। কৃষি সহযোগিতা, সেচ সুবিধার সম্প্রসারণ এবং কৃষি কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে গ্রামীণ কৃষকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রায় পাঁচ দশক ধরে সিরডাপ পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সংস্থাটি উল্লেখযোগ্য অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন।





