
স্টাফ রিপোর্টার
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৯ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। ফলে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭২৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৫৪ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৬৫ জন। এ সময়ে নতুন করে ৯০২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৮৭৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
১৫ মার্চ থেকে ২ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৯৯৩ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ২৮৬ জন।
এ সময়ের মধ্যে মোট ৮৬ হাজার ৪১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮২ হাজার ৭৫৯ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তর হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে।





