
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় আহত হওয়ার পর দীর্ঘ সময় সড়কে পড়ে থাকার পর ইকবাল হোসেন (৪০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেল সাড়ে ৩ টার দিকে একটি দ্রুতগতির বাস নিহত ইকবাল হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল রাস্তার পাশে আহত অবস্থায় পড়ে থাকলেও উদ্ধারে কেউ এগিয়ে আসেনি। পরে খবর পেয়ে তার বড় ভাই ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নিহত ইকবাল উপজেলার ধলঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গৈড়লা গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে। তিনি দুই কন্যাসন্তানের জনক। নিহতের স্বজনদের অভিযোগ, দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়ার আগেই তার পকেটে থাকা টাকা ও মোবাইল ফোন উধাও হয়ে যায়।
নিহতের বড় ভাই আলী আকবর জানান, স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, একটি দ্রুতগতির বাস ইকবালকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার পর তিনি কিছু সময় সড়কেই আহত অবস্থায় পড়ে ছিলেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ইকবালের শরীরের বিভিন্ন স্থানে জখম ছিল। তাকে হাসপাতালে নেওয়ার সময় দেখা যায়, তার পকেটে থাকা টাকা ও মোবাইল ফোন নেই। কে বা কারা এসব নিয়ে গেছে।
এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, খবর পেয়েছি। বিস্তারিত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।





