
সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড়া বাজার এলাকায় নিরাপদ জনচলাচল নিশ্চিত করা এবং খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ জুন) গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বাটাজোড়া থেকে সরিকলমুখী সড়কের প্রবেশমুখে অবৈধভাবে স্থাপিত বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কিছুদিন আগে বাটাজোড়া এলাকায় মহাসড়কের ওপর অবৈধভাবে নির্মিত একটি লোহার সিঁড়ি অপসারণ করা হয়েছিল। সে সময় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায়ের পাশাপাশি অবৈধ দখলদারদের স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়েছিল।
এছাড়া বাজারসংলগ্ন খালের স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন পানি প্রবাহ নিশ্চিত করতে খালের ওপর ও তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রমও শুরু করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে খাল পুনরুদ্ধারের কাজ অব্যাহত থাকবে।
অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশ, বাটাজোড় ইউনিয়ন পরিষদ এবং খাল খনন কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট লোকবল সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদ, সড়ক নিরাপদ রাখা এবং জলাবদ্ধতা নিরসনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





