
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অগ্নিকাণ্ড, নদীভাঙন ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৪টি পরিবারের মাঝে গৃহমঞ্জুরির চেক বিতরণ করা হয়েছে।
২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে ৫৩ বান্ডিল ঢেউটিন বিতরণের পাশাপাশি প্রতি বান্ডিলের বিপরীতে ৩ হাজার টাকা হারে গৃহমঞ্জুরির অর্থ প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন।
চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, উপ-প্রকৌশলী মো. আলামিন হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বসতঘর মেরামত ও পুনর্নির্মাণে সহায়তা দিতে সরকারের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৫ মে শাহজাদপুর উপজেলায় ক্ষতিগ্রস্ত ৫৩টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় গৃহমঞ্জুরির নগদ অর্থের চেক বিতরণ করা হলো।





