
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ইনজেকশন ও ইস্কফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৮ জুন) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দাইনুর বিওপি গোপন সংবাদের ভিত্তিতে পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ২০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ৪৮ বোতল ইস্কফ সিরাপ আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৫০ হাজার ২০০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি সাংবাদিকদের জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।





