
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-কে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
জাহেদ উর রহমান বলেন, দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে প্রত্যর্পণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তিনি এটিকে বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি জানান, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও জামালপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে ১৩১ জন নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবির দৃঢ় অবস্থান ও প্রতিরোধমূলক পদক্ষেপের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
এছাড়া একই সময়ে মিয়ানমার সীমান্ত দিয়ে ৮৯ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে এবং ২১ জন বাংলাদেশি নাগরিককে সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।
উপদেষ্টা আরও বলেন, গত ৮ থেকে ১১ জুন ভারতের রাজধানী নয়াদিল্লি-তে ৫৭তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে পুশইন এবং সীমান্ত হত্যা নিয়ে জোরালো প্রতিবাদ জানানো হয়েছে।
তিনি বলেন, সীমান্তে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা, চোরাচালান প্রতিরোধ, সমন্বিত টহল কার্যক্রম জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে। এসব আলোচনার মাধ্যমে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।





